
ক্যানসার আক্রান্ত মা ও তার পঙ্গু ছেলের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
‘ছেলে হয়ে যাচ্ছে পঙ্গু, মায়ের ক্যানসার’— দেশের একটি বেসরকারি টেলিভিশন সম্প্রতি এই শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নজরে আসে। এরপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন অসহায় এই পরিবারটির সার্বিক খোঁজখবর নিতে।
এরই ধারাবাহিকতায় সোমবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে সংশ্লিষ্ট পরিবারটির সঙ্গে সাক্ষাৎ করতে যায় ‘আমরা বিএনপি পরিবার’ এর একটি প্রতিনিধি দল।
এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে প্রতিনিধি দলটি অসহায় পরিবারের সদস্যদের কাছে চিকিৎসা সহায়তা তুলে দেয় ও সংশ্লিষ্ট পরিবারের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে।
সাক্ষাৎকালে ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব ও শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া অন্যান্যের মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, মিরপুর থানা বিএনপি নেতা শাকিল আহমেদ, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহ, বনানী থানা বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু প্রমুখ উপস্থিত ছিলেন।
আরটিভি/আইএম



