
বিএনপি ক্ষমতায় গেলে নারীদের সর্বোচ্চ অধিকার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে মাগুরার শহরের নোমানী ময়দানে অনুষ্ঠিত নারী সমাবেশে তিনি এ কথা বলেন।
সেলিমা রহমান বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে রাজনৈতিক অঙ্গীকারের পাশাপাশি প্রয়োজন সমন্বিত সামাজিক উদ্যোগ। বিএনপি ক্ষমতায় এলে নারীদের সর্বোচ্চ অধিকার নিশ্চিত করা হবে।
সমাবেশে মা–বোনদের সতর্ক করে তিনি বলেন, আপনাদের একটি দল জান্নাতের টিকিট দিচ্ছে—তাদের খপ্পরে পড়বেন না। বিএনপি নারী ও শিশুবিষয়ক বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছে।
সমাবেশে বিএনপির সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ন্যায্য অধিকার নিশ্চিত করাকে মাগুরা–১ আসনের নির্বাচনী অঙ্গীকার হিসেবে দেখা হবে।
সভায় অংশগ্রহণকারীরা নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক ঐক্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
আরটিভি/আরএ



