
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেছেন, প্রতিবেশী দেশ ভারত বন্ধুসুলভ আচরণ করার পরিবর্তে সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। ভারতের হেজিমনির বলি হয়ে হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় শাহবাগে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি বলেন, হাদিকে যেসব সন্ত্রাসীরা গুলি চালিয়েছে, তারা ভারতে গিয়েছে। জুলাই গণহত্যার প্রতিটি সন্ত্রাসী এখনো ভারতে নির্ভয়ে অবস্থান করছে। আজ থেকে আমরা ভারতকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করছি। তারা সন্ত্রাসীদের আশ্রয়স্থল। ভারতের হেজিমনির বলি হয়ে হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছে।
জাহিদ বলেন, আগামী ভোট সুুষ্ঠুভাবে আয়োজন করতে এবং দেশে স্থিতিশীল পরিস্থিতি রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগের বিকল্প কোনো পথ নেই। আমরা তার পদত্যাগ দাবি করছি। আইন উপদেষ্টার দায়ও কম নয়। পুলিশ গ্রেপ্তার করলে তাদের একে একে জামিন দেওয়া হয়। যারা ওসমান হাদিকে গুলি করেছে, তাদেরও এর আগের এক মামলা থেকে জামিন দেওয়া হয়েছে।
তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের কাছে গিয়ে তাদের খাবার কেমন, তাদের স্ত্রী-বাচ্চা কেমন আছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এটি তার অযোগ্যতা ও দুর্বলতা। তিনি দেশে স্থিতিশীলতা ফেরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের বিকল্প নেই বলে মন্তব্য করেন।
এ সময় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তাহমীদ আল মোদ্দাসসীর চৌধুরীসহ একাধিক নেতা উপস্থিত ছিলেন।
আরটিভি/এস



