
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। সেখান থেকে মরদেহটি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নেওয়া হবে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে ইনকিলাব মঞ্চ। পোস্টে জানানো হয়, শহিদ ওসমান হাদিকে বহনকারী বিমানটি সন্ধ্যা ৬টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর তাকে গ্রহণ করতে বিমানবন্দর থেকে শাহবাগগামী সড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পোস্টে আরও বলা হয়, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় এই বীরকে সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।
এর আগে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে শরিফ ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে তার মৃত্যুর খবর জানানো হয়। রাত ৯টা ৪৪ মিনিটে দেওয়া ওই পোস্টে লেখা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ১৯৯৩ সালে জন্ম নেওয়া ওসমান হাদি একজন রাজনৈতিক কর্মী ও বক্তা হিসেবে পরিচিত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।
এছাড়া তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করার ঘোষণাও দিয়েছিলেন।
আরটিভি/এসকে



