
শহীদ ওসমান হাদির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ওসমান হাদিকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
সংগঠনটি তাদের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জানায়, বিমানবন্দরে পৌঁছানোর পর শহীদ ওসমান হাদির মরদেহ শাহবাগ অভিমুখী সড়ক হয়ে নেওয়া হবে। এ সময় তাকে গ্রহণ করতে সবাইকে এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ইনকিলাব মঞ্চ আরও জানায়, এরপর শহীদ ওসমান হাদিকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে।
উল্লেখ্য, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে আজ শুক্রবার সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
এর আগে, গত ১২ ডিসেম্বর দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য প্রথমে এভারকেয়ার হাসপাতালে এবং পরবর্তীতে সিঙ্গাপুরে পাঠানো হয়।
আরটিভি/এসকে



