
রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণে সিয়াম মজুমদার (২১) নামে এক যুবক নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, আজ সন্ধ্যায় রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বোমা বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।
তিনি বলেন, নিহত সিয়ামের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তার ওপর রহম করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে উত্তম ধৈর্যধারণের তাওফিক দান করুন।
তিনি আরও বলেন, শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো নিরীহ সিয়ামকে। একটি দুষ্টু চক্র দেশকে অস্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে।
জামায়াত আমির বলেন, প্রশাসনকে তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে এবং জনগণকেও প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এর আগে, রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণে সিয়াম মজুমদার (২১) নামে এক যুবক নিহত হন। বুধবার সন্ধ্যায় মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে এ ঘটনা ঘটে।
আরটিভি/এফএ



