তারেক রহমানের ফ্লাইট কোথায়, অনলাইনে যেভাবে দেখবেন

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ , ১২:৪৫ এএম


তারেক রহমানের ফ্লাইট কোথায়, অনলাইনে যেভাবে দেখবেন
ফাইল ছবি

দীর্ঘ প্রায় ১৭ বছর পর বুধবার (২৪ ডিসেম্বর) প্রিয় মাতৃভূমির উদ্দেশে লন্ডন ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বিজ্ঞাপন

লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) তাকে নিয়ে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট। 

তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া, তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যারিস্টার মাহবুবুর রহমান, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা নামে আরেকজনও আছেন তাদের সঙ্গে।

বিজ্ঞাপন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরীণ সূত্রমতে, নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি ২০২-এ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) চড়ে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা দেশে ফিরছেন। সব ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে ফ্লাইটটি।

আরও পড়ুন

তারেক রহমানের এই ফ্লাইটটির অবস্থান জানার জন্য বিশ্বের জনপ্রিয় ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট Flightradar24-এ সার্চ অপশনে ‘BG202’ অথবা ‘Biman 202’ লিখলে মানচিত্রে ফ্লাইটটির বর্তমান অবস্থান, গতি ও উচ্চতা সরাসরি দেখা যাবে। পুরো এই প্রক্রিয়া শুরু হয়েছে ফ্লাইট শুরু হওয়ার পরপরই; অর্থাৎ বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা থেকে।

বিজ্ঞাপন

এছাড়াও FlightAware ও FlightStats-এর মতো অন্যান্য ফ্লাইট ট্র্যাকিং পোর্টালেও ফ্লাইটটির সর্বশেষ স্ট্যাটাস এবং সম্ভাব্য অবতরণের সময় নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। এভিয়েশন ডাটাবেজ ও রাডার সিগন্যালের মাধ্যমে এসব ওয়েবসাইট বিশ্বের যেকোনো স্থান থেকে ফ্লাইটের লাইভ ট্র্যাকিংয়ের সুবিধা দিয়ে থাকে।

জানা গেছে, ঢাকায় নেমেই তিনি রাজধানীর পূর্বাচলে ৩০০ ফিট এলাকায় তার সম্মানে বিএনপি আয়োজিত এক গণসংবর্ধনায় যোগ দেবেন। অনুষ্ঠানটি হবে সংক্ষিপ্ত। তবে, প্রিয় নেতাকে একনজর দেখতে এবং তার স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বুধবার (২৪ ডিসেম্বর) রাত থেকেই ৩০০ ফিট হাইওয়ে এলাকায় ঢল নেমেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির নেতাকর্মীদের। কুড়িল থেকে শুরু করে মঞ্চ এলাকা পর্যন্ত যেন তিল ধারণের জায়গা নেই। কেউ কেউ এলাকাভিত্তিক জটলা পাকিয়ে স্লোগান দিচ্ছেন, আবার কেউ সমবেতভাবে মিছিলে মুখর। এককথায় সবার মনেই উৎসবের আমেজ। সবার মুখে মুখে ফিরছে একটিই স্লোগান— লিডার আসছে।

এছাড়া, স্লোগান-প্ল্যাকার্ড আর নেতাকর্মীদের উচ্ছ্বাসে পুরো এলাকা যেন বিশাল ‘উৎসবকেন্দ্রে’ পরিণত হয়েছে। আর নেতাকর্মীদের খাবারের জোগান দিতে পথে পথে হরেক রকমের খাবার ও পানি বিক্রি করছেন হকাররা। কিছু দূর পরপর দেখা মিলছে স্পিকারবাহী ট্রাক। সেখানে বাজছে দলীয় ও দেশাত্মবোধক গান।

বিশাল এ জনসমাগম ঘিরে পুরো পূর্বাচল এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসংখ্য সদস্য। তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে ৫০ লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ২৫ ডিসেম্বর তারেক রহমান আসবেন। ওইদিন এই এলাকা মানুষের মহামিলন ও মহামেলায় পরিণত হবে বলে আমরা নিশ্চিত।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission