বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন। ঢাকায় তার আগমনের সঙ্গে মিলিয়ে একাধিক কর্মসূচি রয়েছে।
আজ সকাল ১১টা ৫০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা তারেক রহমানের। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে সংবর্ধনা জানাবেন। এরপর সরাসরি ৩০০ ফুট সড়কে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যেখানে শুধুমাত্র তারেক রহমানই বক্তব্য দেবেন। অনুষ্ঠান শেষে তিনি মা খালেদা জিয়াকে দেখতে যাবেন এভারকেয়ার হাসপাতালে এবং পরে গুলশানের নিজ বাসভবনে ফিরে যাবেন।
বিএনপি জানিয়েছে, জনদুর্ভোগ এড়াতে রাজধানীর প্রধান সড়কে যানজট না হয় সেজন্য সংবর্ধনা অনুষ্ঠানটি শহরের কেন্দ্রস্থল থেকে সরিয়ে ৩০০ ফুট সড়কে আয়োজন করা হয়েছে। নেতাকর্মীদের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে তারা যাতায়াতে কাঞ্চন ব্রিজ ব্যবহার করবেন যাতে মূল সড়কে যানজট সৃষ্টি না হয়।
গতকাল (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ বলেন, জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে এমন কর্মসূচি তারেক রহমান সমর্থন করেন না। তাই নগরবাসীর কাছে বিএনপি ক্ষমা প্রার্থনা করেছে।
এর মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখছেন বিএনপির অন্যতম প্রধান নেতা তারেক রহমান, যা রাজনৈতিক মহলে ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।
আরটিভি/এসকে




