
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী লাল–সবুজের বাস ধীরগতিতে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করে কুড়িল সংলগ্ন ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’তে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি বাসযোগে সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চের উদ্দেশে যাত্রা শুরু করেন।
বাসে দাঁড়িয়ে দুই হাত নেড়ে সড়কের দুই পাশে অপেক্ষমান লাখো নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে অভিবাদন জানান তারেক রহমান। এ সময় পুরো এলাকা মানুষের ঢল ও উৎসাহ-উচ্ছ্বাসে জনসমুদ্রে পরিণত হয়।
পথে দেখা যায়, কেউ মোবাইল ফোন উঁচিয়ে ছবি ও ভিডিও ধারণ করছেন, কেউ আবেগে চোখের জল মুছছেন, আবার কেউ সন্তানকে কাঁধে তুলে প্রিয় নেতাকে দেখানোর চেষ্টা করছেন। কুড়িল ফ্লাইওভার এলাকা পেরিয়ে ৩০০ ফিট এলাকায় প্রবেশের সঙ্গে সঙ্গে জনসমাগম আরও ঘন হয়ে ওঠে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে সামনে পেয়ে অনেকের কণ্ঠ আবেগে ভারী হয়ে ওঠে।
সমর্থকদের অনেকেই অনুভূতি প্রকাশ করে বলেন, এটা শুধু দেখা নয়, ফিরে পাওয়ার আনন্দ।
জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য রেখে তারেক রহমান তার মা খালেদা জিয়াকে দেখতে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে যাবেন। পরে গুলশান-২ এর ১৯৬ নম্বর বাড়িতে যাওয়ার কথা রয়েছে তার।
আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে তারেক রহমানের যাত্রা সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরটিভি/কেআই



