বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিঙ্গারপ্রিন্ট দেয়ার পর থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টা এবং সর্বনিম্ন ৭-৮ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান তিনি।
তিনি বলেন, নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। যে রুমে বসে তারেক রহমান বায়োমেট্রিক দেবেন সেটাও প্রস্তুত করেছে ইসি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করবেন আজ। এবং তারেক রহমানের সঙ্গে মেয়ে জাইমা রহমানও এনআইডির জন্য আবেদন করবেন।
এদিকে, শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে শনিবার (২৭ ডিসেম্বর) ১১ টা ৪৫ মিনিটে নির্বাচন কমিশনের (ইসি) উদ্দেশে রওনা হয়েছে তারেক রহমান।
প্রসঙ্গত, প্রায় ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশে ফেরেন তারেক রহমান। তাকে গণসংবর্ধনা দিতে পূর্বাচলে ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা মঞ্চ তৈরি করা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসে করে সে মঞ্চের উদ্দেশ্যে রওয়ানা হন তারেক রহমান। বিকেল ৩টা ৫০ মিনিটে গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান তিনি।
এর আগে, ওই দিন সকালে তারেক রহমান ও তার স্ত্রী-কন্যাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে। সকাল ৯টা ৫৭ মিনিটে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর তারেক রহমানকে বহনকারী বিমান বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করে।
বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান দলের জ্যেষ্ঠ নেতারা। এসময় তিনি দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কোলাকুলি ও কুশলবিনিময় করেন এবং উপস্থিত সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
আরটিভি/এএ





