জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ডা. তাসনিম জারা ও তাজনূভা জাবীনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, দলের ভেতর ভিন্ন মত থাকবে, তা আমরা স্বাগত জানাই। একটা রাজনৈতিক দলে পদত্যাগ এবং যোগদান খুবই স্বাভাবিক ঘটনা। যা কিছু হচ্ছে, তা গণতান্ত্রিক পদ্ধতিতেই হচ্ছে।
তিনি বলেন, কয়েকজনের পদত্যাগে দলের সাংগঠনিক শক্তি ক্ষতিগ্রস্ত হবে না। এনসিপি একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল। এখানে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয়।
জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা প্রসঙ্গে আখতার হোসেন বলেন, বিষয়টি নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলমান রয়েছে। ঐকমত্য কমিশনের মাধ্যমে জামায়াতের সঙ্গে বহু বিষয়ে সমঝোতা হয়েছে, তবে আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনও শেষ হয়নি।
উল্লেখ্য, হঠাৎ করেই শনিবার রাতে জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তবে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। অন্যদিকে রোববার দল ছাড়ার ঘোষণা দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন।
আরটিভি/আরএ




