
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুরের মজুমদার বাড়ির সামনে একটি ছোট দিঘি রয়েছে। এই দিঘির মাছ ছিল খালেদা জিয়ার খুব প্রিয়। ফেনী আসার সময় তিনি প্রায়ই এই দিঘির মাছ নিয়ে ঢাকায় ফিরতেন।
খালেদা জিয়ার পরিবারের সদস্যরা জানায়, ১৯৯১ সালের নির্বাচনের পর হেলিকপ্টারে ফেনী পৌঁছালে, আধাঘণ্টা সময় ওই দিঘির মাছ সংগ্রহে কাটিয়েছিলেন তিনি। পরিবারের সবাই এই দিঘির সাথে তার অসংখ্য স্মৃতি ধারণ করেন।
বেগম খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম হোসেন মজুমদার বলেন, এই দিঘির মাছ তার প্রিয় ছিল। যখন খালেদা জিয়া আসার খবর পাইতাম, দিঘিতে মাছ ধরার প্রস্তুতি শুরু হতো। এখন তিনি নেই, দেশ-জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।
খালেদা জিয়া তার পৈতৃক নিবাসে মাদরাসা, মসজিদ, স্কুল ও কলেজসহ নানা সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন। তার প্রয়াণে ফুলগাজী ও ফেনী জেলায় গভীর শোক নেমে এসেছে।
তার পারিবারিক নাম ছিল খালেদা খানম পুতুল। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। তার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি।
খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ২৯ ডিসেম্বর তিনি এই আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ফেনীর মজুমদার বাড়ি ও দিঘি আজও বেগম খালেদা জিয়ার স্মৃতিতে জীবন ধারন করে।
আরটিভি/এসকে



