
বিশ্বরাজনীতির ইতিহাসে দক্ষিণ এশিয়ায় যখন নারী নেতৃত্ব ছিল অত্যন্ত সীমিত, ঠিক সেই সময়ে এক সাধারণ গৃহবধূর উত্থান ঘটে বাংলাদেশের রাজনীতিতে। তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্বামী হারানো শোককে শক্তিতে রূপান্তর করে একজন গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে উঠেন তিনি। তবে তার এই সফর ছিল কণ্টকাকীর্ণ ও বীরত্বপূর্ণ।
গণতন্ত্রের প্রশ্নে আপসহীন এই নেত্রী দেশের ইতিহাসে নারী নেতৃত্বকে শুধু দৃশ্যমানই করেননি, বরং তাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন। ১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর অগোছালো বিএনপিকে নিজের অসাধারণ দৃঢ়তা দিয়ে পুনর্গঠন করেন তিনি। সামরিক শাসন-পরবর্তী অস্থির সময়ে বারবার গৃহবন্দি, রাজনৈতিক চাপ ও গ্রেপ্তারের মুখেও পিছু হটেননি তিনি। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক অপরাজেয় রাজনৈতিক শক্তি হিসেবে।
১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় বাংলাদেশের ইতিহাসে এক বিশাল মাইলফলক। এর মাধ্যমে শুধু সামরিক শাসনের অবসানই ঘটেনি, প্রথমবারের মতো দেশের রাষ্ট্রক্ষমতায় বসেন একজন নারী। এমন এক সময়ে তিনি দায়িত্ব নেন যখন নারী নেতৃত্ব নিয়ে বিশ্বব্যাপী ছিল নানা দ্বিধা। কিন্তু রাষ্ট্র পরিচালনায় নিজের দক্ষতা দিয়ে তিনি প্রমাণ করেন যে নারীরা শুধু ঘর নয়, দেশ পরিচালনাতেও সমান সক্ষম।
খালেদা জিয়া তার শাসনামলে নারীর ক্ষমতায়নে এমন কিছু ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যার সুফল দেশের নারীরা আজও ভোগ করছে। তার উল্লেখযোগ্য অবদানসমূহ হলো-
শিক্ষা: মেয়েদের শিক্ষায় উপবৃত্তি কর্মসূচি ব্যাপকভাবে সম্প্রসারণ।
কর্মসংস্থান: নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতার জন্য নারী উদ্যোক্তা সহায়তা ও কর্মসংস্থান বৃদ্ধি।
রাজনীতি: স্থানীয় সরকার ব্যবস্থায় নারীদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা।
স্বাস্থ্য: গ্রামীণ ও শহর অঞ্চলে মাতৃস্বাস্থ্য সেবার মানোন্নয়ন ও সুরক্ষায় বিশেষ গুরুত্ব প্রদান।
ব্যক্তিগত শোক ও পারিবারিক সুখ বিসর্জন দিয়ে দল ও দেশের স্বার্থকে সব সময় অগ্রাধিকার দিয়েছেন খালেদা জিয়া। শত প্রতিকূলতার মধ্যেও দলকে ঐক্যবদ্ধ রাখার সক্ষমতা তাকে ইতিহাসের এক অনন্য চরিত্রে পরিণত করেছে। তিনি শুধু একজন প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়েননি, বরং বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ধারার জন্ম দেন।
নানা সীমাবদ্ধতা ও রাজনৈতিক চড়াই-উতরাইয়ের মধ্যে থেকেও দেশের পুরো রাজনৈতিক পরিমণ্ডলের গতিপথ বদলে দিয়েছিলেন খালেদা জিয়া। বাংলাদেশের রাজনীতি ও নারীর ক্ষমতায়নে এক অনুকরণীয় নাম হয়ে থাকবেন এ আপসহীন নেত্রী।
আরটিভি/এফএ



