
গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের আগামী ৫ ও ৬ এপ্রিল মনোনয়নের আবেদনপত্র সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (রোববার) এ আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, উল্লেখিত তারিখে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে এ মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করতে হবে। একইভাবে ৭ এপ্রিল সন্ধ্যা ৭টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দিতে হবে।
--------------------------------------------------------
আরও পড়ুন: গাজীপুর-খুলনা সিটি নির্বাচন ১৫ মে
--------------------------------------------------------
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিটি করপোরেশন নির্বাচনে মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যদের নিয়ে বর্ধিত সভা করবে। সভায় আলাপ-আলোচনার মাধ্যমে কমপক্ষে ৩ জনের একটি প্যানেল সুপারিশ করবে। প্যানেলটি মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বের গুণাবলি ও জনপ্রিয়তা ইত্যাদি বিষয় উল্লেখ করে কমপক্ষে ৩জনের সুপারিশ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আগামী ৭ এপ্রিলের মধ্যে প্রেরণ করতে হবে।
তবে সিটি করপোরেশন নির্বাচনে যাদের নাম দপ্তরে পাঠাবে শুধুমাত্র তারাই আওয়ামী লীগের ফরম ক্রয় করতে পারবেন।
এ ছাড়াও গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলার নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের একটি প্যানেল তৈরির জন্য ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যদের নিয়ে সভা করবে। সভায় আলাপ-আলোচনার মাধ্যমে কমপক্ষে ৩ জনের একটি প্যানেল সুপারিশ করবে।
সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলার নির্বাচনে (৩টি ওয়ার্ড নিয়ে একটি সংরক্ষিত মহিলা আসন) উল্লিখিত নিয়মাবলি প্রযোজ্য বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন:
জেএইচ




