
বিএনপির জনসভা আনুষ্ঠানিকভাবে শুরু হবে দুপুর ২টায়। এর আগেই মঞ্চ সাজানো হয়েছে। ব্যানার টানানো হয়েছে। আসছে খণ্ড খণ্ড মিছিল।
তবে মঞ্চে টাঙানো ব্যানারে লেখা রয়েছে, মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে জনসভা।
ব্যানারে প্রধান অতিথি হিসেবে নাম লেখা হয়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্ব প্রধান বক্তা দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
এছাড়া বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য দেবেন।
জেলে থাকার পরও কেন আজকের জনসভায় খালেদা জিয়াকে প্রধান অতিথি করা হয়েছে এমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান আরটিভি অনলাইনকে জানান, বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে। উনি জেলে থাকলেও সবসময় আমাদের সাথে আছেন ছায়া হয়ে। তাই আজ জনসভায় বেগম খালেদা জিয়াকে প্রধান অতিথি রাখা হয়েছে। পাশাপাশি উনার নির্দিষ্ট চেয়ারটাও জনসভায় থাকবে।
উল্লেখ্য, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ড দেন বিচারিক আদালত। ওইদিন থেকে তিনি কারাগারে আছেন।
এসজে




