
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করতে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের কাছে সময় চেয়ে চিঠি দিয়েছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে রাষ্ট্রপতির কাছে বঙ্গভবনে বি. চৌধুরীর চিঠিটি পৌঁছে দেন বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক।
বি. চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রাষ্ট্রপতির কাছে লেখা চিঠিতে বদরুদ্দোজা চৌধুরী বলেন, যুক্তফ্রন্টের নেতৃবৃন্দ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার (রাষ্ট্রপতির) সঙ্গে আলোচনা করতে আগ্রহী। সংবিধান অনুসারে নির্বাচনের মূল পরিচালক নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির অধীনে ন্যাস্ত। সেই হিসেবে নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ করার লক্ষ্যে আপনার মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করতে চাই।
চিঠিতে আগামী ৭ নভেম্বরের মধ্যে আলোচনার জন্য সময় নির্ধারণে রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানান সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী।
পি/এমকে




