
বিএনপি লবিস্ট নিয়োগ দিয়ে লাখ লাখ ডলার খরচ করেও আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে না। তারা গণতান্ত্রিকক্রমেই বন্ধুহীন হয়ে পড়েছে। শুধু পাকিস্তানের সঙ্গে তাদের বন্ধুত্ব অটুট রয়েছে।
বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, তারা বুঝে গেছে আগামী নির্বাচনে বিজয়ী হতে পারবে না। এজন্য তারা বাকযুদ্ধ চালিয়ে যাচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, আমাদের কনফিডেন্স আছে, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে। মানুষ আজ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বিজয়ের মাসে আওয়ামী লীগ বিজয়ী হবে
তিনি বলেন, আমাদের বিশ্বাস সারা দেশে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার আরও বেগবান হবে।
তিনি আরও বলেন, ঐক্যফ্রন্টের বিরুদ্ধে এবার ভোট বিপ্লব হবে। জগাখিচুড়ি ঐক্যফ্রন্টের বিরুদ্ধে এবার ভোট বিপ্লব হবে।
আসন্ন নির্বাচন নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা উদ্বিগ্ন হচ্ছেন, দেশি বিদেশি সবাইকে বলতে চাই, এবারের নির্বাচন খুব সুন্দর হবে। অনুকূল পরিবেশে জনগণ যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন।
বিএনপি নেতা মওদুদ আহমদকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, মওদুদ সাহেব বলেছেন, তাকে হাজার হাজার মানুষ এসকর্ট করে এলাকায় নিয়ে যাবে। কই, সে ছবি বাস্তবে নেই। এমনকি মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে ঢাকায় বিএনপির যে শোভাযাত্রা ছিল, তাতে কোনও উৎসব ছিল না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আহম্মদ হোসেন, বি এম মোজ্জামেল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুরসহ আরও অনেকে।
এসজে/এসএস




