
ঢাকা-১৭ (গুলশান-বারিধারা-ক্যান্টনমেন্ট) আসন থেকে বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদা স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করার অনুমতি পেয়েছেন।
সোমবার (১০ ডিসেম্বর) সেগুনবাগিচাস্থ ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশনারের কার্যালয়ে রিটার্নিং অফিসার কে এম আলী আজম এ প্রতীক বরাদ্দ দেন।
ঢাকা-১৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিটার্নিং অফিসারের কাছে সিংহ প্রতীক চান তৃণমূল বিএনপির নেতা নাজমুল হুদা। এই আসনে আর কোনও স্বতন্ত্র প্রার্থী না থাকা এবং আর কেউ সিংহ প্রতীক না চাওয়ায় নাজমুল হুদাকে সিংহ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
গত ২ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন ফরমে ‘নিজ দলের নাম বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন’ তা উল্লেখ না থাকায় এমনকি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও সে ১০ শতাংশ ভোটারের সমর্থন স্বাক্ষর না দেওয়ায় মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।
পরে তিনি প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন। সেই আপিলে নির্বাচন কমিশনের ট্রায়াল শুনানিতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) আইন অনুযায়ী তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
প্রতীক পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় নাজমুল হুদা বলেন, মহাজোটের প্রার্থী হিসেবে আমি নৌকা চেয়েছিলাম, যেহেতু দেরি হয়ে গেছে তাই আমি এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। আমার মার্কা সিংহ। আপনারা জানেন- সিংহ কখনও পরাজিত হয় না। সিংহ যেমন বনের রাজা আমিও হবো গুলশানের রাজা। আমি নির্বাচিত হলে গুলশান-বারিধারার মানুষের চাহিদা পূরণে সর্বাত্মক চেষ্টা করব।
আরও পড়ুন :
আরসি/পি




