
এতদিন ছিলেন চলচ্চিত্রের রুপালি পর্দায় নায়ক। এবার ভোটের মঞ্চে অংশ নিয়ে পর্দা থেকে বেরিয়ে বাস্তবে এলেন তিনি। বলছি বাংলা চলচ্চিত্রে গ্রামীণ চরিত্রের অপ্রতিদ্বন্দ্বী নায়ক ‘মিয়া ভাই’ খ্যাত আকবর হোসেন পাঠানের কথা। যিনি ভক্তদের কাছে ফারুক নামেই অধিক পরিচিত।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে গুলশান, বনানী, মহাখালী, ক্যান্টনমেন্ট ও ভাষানটেক থানার একাংশ নিয়ে গঠিত এ আসনে নৌকার মাঝি হিসেবে লড়বেন তিনি।
রুপালি পর্দায় তারকা খ্যাতিতে উজ্জ্বল এ নায়ক বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এ প্রার্থী অনেক আগেই মানুষের মনে জায়গা করে নিয়েছেন সুজন সখি, লাঠিয়াল, গোলাপি এখন ট্রেনে, সারেং বৌ এর মত চলচ্চিত্রে অভিনয় করে। এবার পর্দা থেকে বেরিয়ে বাস্তবের নায়ক হিসেবে ভক্তদের সামনে উপস্থিত হলেন তিনি।
এবার নির্বাচনে অংশ নিয়ে প্রতীক পাওয়ার পর থেকে প্রচারে নেমেছেন জোরে সোরে। তারই অংশ হিসেবে গতকাল রোববার রাজধানীর করাইল বস্তি এলাকায় গণসংযোগে যান তিনি। সিক্ত হন ভক্ত, ভোটার আর সাধারণ মানুষের ভালবাসায়। বয়স্ক ভোটরদের কেউ কেউ মাথায় হাত রেখে দোয়া ও আর্শীবাদ করেন তাকে। ভালোবেসে নৌকার পাশে থাকার কথাও বলেছেন অনেক ভক্ত, ভোটাররা।
এসময় বস্তিবাসীর জীবনমান যথাসাধ্য উন্নয়নের আশ্বাস দিয়ে ফারুক বলেন, দেড় দশক ধরে এ এলাকায় নৌকার কোনও প্রার্থী নেই। যারা সংসদে ছিল তারা বস্তিবাসীর উন্নয়নে কোন কাজ করেনি, শুধু প্রতিশ্রুতি দিয়েছেন। আমি কোনও প্রতিশ্রুতি দেব না, স্বপ্ন দেখাব না, কাজের মাধ্যমে প্রমাণ দিব। এসময় নৌকায় ভোট দিয়ে তার প্রতি ভক্তদের ভালবাসা ধরে রাখার আহ্বান জানান তিনি।
ঢাক-১৭ আসনে ফারুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, ২০ দলীয় ঐক্যজোটের প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিভ রহমান পার্থ, সিংহ প্রতীকে বাংলাদেশ তৃণমূল বিএনপির নাজমুল হদা ও বর্তমান সংসদ সদস্য বিএনএফের আবুল কালাম আজাদ। ফারুক ইতোমধ্যে নির্বাচনী প্রচারণায় সবাইকে টেক্কা দিয়ে এগিয়ে আছেন বলে দাবী স্থানীয় ভক্ত, ভোটার, জনগণ ও আওয়ামী লীগ নেতা কর্মীদের।
আরএস/এসএস




