
সশস্ত্র বাহিনী নিয়োগের পরও, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশের বিষয়ে জনগণের আশা পূরণ হয়নি, যে দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনী চেয়েছে বিএনপি, সে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। দেশবাসীর সঙ্গে আমরাও আশা করেছিলাম সেনাবাহিনী মোতায়েনের পর পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু তা হয়নি। এখনো সেনাবাহিনীর ওপর আমাদের আস্থা রয়েছে। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শুক্রবার রাতে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, এ নির্বাচনের তফসিল পুরোপুরি অসমতল। তারপরও এ অসমতল মাঠে আমরা নির্বাচনে অংশ নিয়েছি। আশা ছিল নির্বাচনের আগে ইসি ভোট সুষ্ঠু করতে পদক্ষেপ নেবে। কিন্তু তারা সেটি করেনি। প্রধানমন্ত্রী সংলাপে ঘোষণা দিয়েছিলেন ভোটের সময় সবার সমান সুযোগ তৈরি করবেন, নির্বাচনকে প্রভাবিত করবেন না, সুষ্ঠু ভোট হবে৷ কিন্তু তিনি যা বলেছিলেন সেগুলোর কোনোটাই তিনি রাখেননি৷
তিনি বলেন, নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়ার পরই আমাদের প্রার্থী ও নেতাকর্মীরা হামলা, মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হচ্ছেন। আবার আদালতকে ব্যবহার করে প্রার্থী দেয়াতে বাধা দিয়েছে।
নজরুল বলেন, আমরা আবারও দাবি করছি সেনাবাহিনীকে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত ও সুষ্ঠু ভোটের ব্যবস্থা করার দায়িত্ব দেয়া হোক। যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে কেন্দ্রে যেতে পারে।
জেএইচ




