
নড়াইল-২ আসনের ২২টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এতে ক্ষমতাসীন দল মাশরাফি বিন মুর্তজা বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন।
রোববার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশ কেন্দ্র থেকে এ তথ্য জানা গেছে।
জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার আনজুমান আরার পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশিদ এ তথ্য জানান।
নড়াইল সদর ও লোহাগড়া উপজেলার ২২টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি পেয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৪১৮টি ভোট পেয়েছেন। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় জোটের ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) একাংশের সভাপতি এ জেড এম ড. ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৬টি ভোট।
এ আসনে মোট কেন্দ্র ১৪০টি। ভোটারের সংখ্যা তিন লাখ ১৭ হাজার ৮৪৪ জন।
এর আগে বেলা একটার দিকে নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী সুমনা হক সুমি ও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
ভোট দেয়ার পর মাশরাফি উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, নতুন করে চ্যালেঞ্জের কিছু নেই। খেলা যেমন চ্যালেঞ্জ এটাও তেমনি এক চ্যালেঞ্জ। নির্বাচনে তার জন্য কষ্ট করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, এ পর্যন্ত প্রায় ৩০টি ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। সব জায়গায় সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা বা ভোট কারচুপির কোনও খবর পাওয়া যায়নি।
ভোট দেয়ার পর তিনি এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
মাশরাফি ও তার স্ত্রী পৌরসভার ৪নং ওয়ার্ডের (আলাদাতপুর) এলাকার ভোটার হলেও মাশরাফির বাবা ও মা পৌরসভার মহিষখোলা এলাকার ৩নং ওয়ার্ডের ভোটার।
মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন ভোট দেন নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং মাশরাফির মা হামিদা বেগম বলাকা নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
এমআর/আরএস/ওয়াই




