
আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ সংসদ নির্বাচনের পরিবেশ ও সার্বিক বিষয়ে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের অবহিত করতে আজ সোমবার বিকেল চারটায় সংবাদ সম্মেলন করবেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।
সোমবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আবদুর রহমান বলেন, চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে বিদেশি গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের শুভেচ্ছা জানাতে সংবাদ সম্মেলন করবেন তিনি। সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও থাকবেন। তবে সংবাদ সম্মেলনটি কোথায় হবে সে বিষয়টি তিনি স্পষ্ট করেননি।
গতকাল রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এবার সংসদ নির্বাচনে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দল অংশ নেয়। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৮০০ এর বেশি প্রার্থী। এর মধ্যে ৫০ জনের মতো ছিল স্বতন্ত্র প্রার্থী, বাকিরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী।
বেসরকারিভাবে ফলাফল ঘোষণা হওয়া ২৯৮টি আসনের মধ্যে সর্বোচ্চ ২৫৯টি আসনে এককভাবে জয়লাভ করেছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি জিতেছে ২০টি আসন।
নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা বেসরকারি ফলাফলে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট জয় পেয়েছে ২৮৮টি আসনে। জাতীয় সংসদের ৩শ’ আসনের মধ্যে ভোট হয়েছে ২৯৯টিতে। এরমধ্যে স্থগিত রয়েছে একটি আসনের ফল। প্রার্থীর মৃত্যুর কারণে ভোট হয়নি একটি আসনে।
মহাজোটের দলগুলোর মধ্যে আওয়ামী লীগ ২৫৯, জাতীয় পার্টি ২০, ওয়ার্কার্স পার্টি ৩, জাসদ ২, তরীকত ফেডারেশন ১, জেপি মঞ্জু ১, বিকল্পধারা ২টি আসনে জয়ী হয়েছে।
বাকি ১০টি আসনের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্ট ৭টি, এরমধ্যে বিএনপি ৫, গণফোরাম ২ আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থী ৩টি আসনে জয়ী হয়েছে। তবে গতকাল রোববার রাতে কারচুপির অভিযোগ তুলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
এমসি/এসএস




