
একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আহ্বান করা জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।
সোমবার দুপুরে জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া সমন্বয়ক ড. মেহেদী মাসুদ আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ বিকেলে বিএনপি ও ২০ দলের বৈঠক থাকায় আপাতত জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। তবে কবে কখন সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে তা পরবর্তীতে জানানো হবে।
গতকাল রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এবার সংসদ নির্বাচনে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দল অংশ নেয়।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ২৯৮টি আসনের মধ্যে সর্বোচ্চ ২৫৯টি আসনে এককভাবে জয়লাভ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জাতীয় পার্টি জিতেছে ২০টি আসন।
নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা বেসরকারি ফলাফলে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট জয় পেয়েছে ২৮৮টি আসনে। জাতীয় সংসদের ৩শ’আসনের মধ্যে ভোট হয়েছে ২৯৯টিতে। এরমধ্যে স্থগিত রয়েছে একটি আসনের ফল। প্রার্থীর মৃত্যুর কারণে ভোট হয়নি একটিতে।
মহাজোটের দলগুলোর মধ্যে আওয়ামী লীগ ২৫৯, জাতীয় পার্টি ২০, ওয়ার্কার্স পার্টি ৩, জাসদ ২, তরীকত ফেডারেশন ১, জেপি মঞ্জু ১, বিকল্পধারা ২টি আসনে জয়ী হয়েছে।
বাকি ১০টি আসনের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্ট ৭টি, এরমধ্যে বিএনপি ৫, গণফোরাম ২ আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থী ৩টি আসনে জয়ী হয়েছে। তবে গতকাল রোববার রাতে কারচুপির অভিযোগ তুলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
এমসি/জেএইচ




