
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার সর্বোচ্চ ভোট পেয়ে নৌকা মার্কায় জয়ী হয়েছেন ডা. এনামুর রহমান। তিনি ঢাকা-১৯ আসনের আওয়ামী লীগ প্রার্থী ছিলেন। এই আসনে অবশ্য দেশের ৩০০ আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটার ছিল, ৭ লাখ ৪৭ হাজার ৩০১ জন।
এনামুর রহমান একাই পেয়েছেন এই আসনে প্রায় ৫ লাখ ভোট। অর্থাৎ ৪ লাখ ৮৮ হাজার ৯৮১টি ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির দেওয়ান মো. সালাউদ্দিন পেয়েছেন ৬৯ হাজার ৪১০ ভোট। অর্থাৎ ৪ লাখ ১৯ হাজার ৫৭১ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন এনামুর রহমান।
এত বড় ব্যবধানে জয় বাংলাদেশের ইতিহাসে রেকর্ড।
ডা. এনামের পাশাপাশি চার লক্ষাধিক ভোট ও তিন লক্ষাধিক ভোটের ব্যবধানে পাস করেছেন গাজীপুর-১ আসনে নৌকার প্রার্থী আ ক ম মোজাম্মেল হক। তার প্রাপ্ত ভোট ৪ লাখ ১ হাজার ৫৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের চৌধুরী তানভীর আহম্মেদ সিদ্দিকী ৯২ হাজার ৪১০ ভোট পেয়েছেন।
আওয়ামী লীগের জাহিদ আহসান রাসেল প্রতিদ্বন্দ্বী সালাহউদ্দিন সরকারকে ৩ লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। জাহিদ আহসান রাসেল পেয়েছেন ৪ লাখ ১২ হাজার ১৪০
ভোট আর বিএনপির সালাউদ্দিন সরকার পেয়েছেন ১ লাখ ১ হাজার ৪০ ভোট।
কুমিল্লা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন বর্তমান সরকারের পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি পেয়েছেন ৪ লাখ ৫ হাজার ২৯৯ ভোট।
এসজে




