
আওয়ামী লীগ কখনও কারও সামনে মাথা নত করেনি। ৮১ সালে দায়িত্ব দিয়েছিলেন।পরিবারের সবাইকে হারিয়ে সেই দায়িত্ব পালনে চেষ্টা করেছি। বললেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে সকালে কাউন্সিল অধিবেশনের দ্বিতীয় অধিবেশনে শুরুতে ভাষণে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ মেনেই সংগঠনকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। সংগঠনকে শক্তিশালী করে গড়ে তুলতে দলের নেতাকর্মী ও উপস্থিত কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দীর্ঘ পথ পরিক্রমায় মানুষের আস্থা অর্জন করেছি। সবাইকে মনে রাখতে হবে মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচিত করে।
সারা দেশ থেকে আসা দলের সাত হাজার ৭৩৭ কাউন্সিলর এ অধিবেশনে উপস্থিত রয়েছেন, যেখানে কাউন্সিলররা নতুন নেতৃত্ব নিয়ে কথা বলার সুযোগ পাবেন।
গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করা হয়। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন এবং উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর উদ্বোধনী অধিবেশনে সভাপতির বক্তব্য রাখেন তিনি। এছাড়া সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এমকে




