
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে তথ্যসন্ত্রাস করছে বিএনপি।
আজ বুধবার দুপুরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দলীয় নেতাকর্মীদের দেয়া সংবর্ধনা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার যেসব শারীরিক সমস্যার কথা বিএনপি নেতৃবৃন্দ বলছেন সেগুলো বহু পুরনো। তার হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা নতুন নয়। এগুলো নিয়েই তিনি (খালেদা জিয়া) দুইবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বিএনপির মতো একটি দলের চেয়ারপার্সনের দায়িত্বও পালন করেছেন।
আওয়ামী লীগের নব নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আরও বলেন, বেগম খালেদা জিয়ার পুরনো শারীরিক সমস্যাকে বড় করে দেখিয়ে বিএনপি প্রতিনিয়ত তথ্যসন্ত্রাস করছে। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রিজভী আহমেদের গতকালের বক্তব্য তথ্যসন্ত্রাস ছাড়া আর কিছুই নয়।
যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। সেই কাজে আমি যাতে সফল হই সেজন্য প্রথম থেকেই চেষ্টা করবো। আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করবো।
এর আগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হয়ে প্রথমবারের মতো চট্টগ্রামে আগমন উপলক্ষে চট্টগ্রাম আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে সংবর্ধনা দেয়। সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এজে




