
পবিত্র ওমরাহ পালন শেষে মদিনা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর লাগেজ নিয়ে ভোগান্তির অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪ জন সংসদ সদস্য।
এ ঘটনায় বৃহস্পতিবার (১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর লিখিত অভিযোগ দেয়ার পর বিমানের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
এদিন সকালে মদিনা থেকে ওমরাহ যাত্রীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তবে অবতরণের পর ৩ ঘণ্টা পরও অধিকাংশ যাত্রী ট্যাগযুক্ত পানির লাগেজ পাননি। যাদের মধ্যে ৩৪ জন সংসদ সদস্যও (এমপি) ছিলেন।
পরে বিষয়টি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর লিখিত অভিযোগ করেন জামায়াতের ৪ এমপি। তারা হলেন- শেরপুর-১ আসনের সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী ও খুলনা-২ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হুসাইন। যাত্রীদের হয়রানি, লাগেজ যথাযথভাবে বুঝিয়ে না দেয়া এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলে লিখিত করেন তারা।
এ ঘটনায় ইতোমধ্যে বিমানের ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান এবং ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মহিউদ্দিন আহমেদ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক তদন্তে জানা গেছে— কন্টেইনার অফলোডিং ও পরিচালনগত গাফিলতির কারণেই ব্যাগেজ বেল্টে নির্ধারিত সময়ে পানি পৌঁছাতে দেরি হয়। সেবার মান রক্ষা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর নির্দেশনায় বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে। ঘটনাটি জানার পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইনস নিজস্ব সংরক্ষিত স্টক থেকে দ্রুত ওমরাহ যাত্রীদের জমজমের পানি বিতরণের উদ্যোগ নেয়। পরবর্তীতে অপর কন্টেইনারটি দ্রুত শনাক্ত করে যাত্রীদের মধ্যে পানি সরবরাহ নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মহিউদ্দিন আহমেদ জানান, বিমান কর্তৃপক্ষ যাত্রীদের সর্বোচ্চ মানের সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য অভ্যন্তরীণ তদারকি ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
আরটিভি/ এসকেডি


