
কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ৫৪তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১৬ ডিসেম্বর দূতাবাস প্রাঙ্গণে দুই পর্বের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি পালনের শুভ সূচনা করেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণীসমূহ পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা।
এ ছাড়া সন্ধ্যায় অনুষ্ঠানের প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্যভিত্তিক ‘বিজয়ের আনন্দে নতুন বাংলাদেশ’ শীর্ষক একটি আলোচনায় বক্তারা বাংলাদেশের অভ্যুদয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের অবদানকে গভীর শ্রদ্ধায় এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকলের অবদানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। নতুন বাস্তবতা ও প্রেক্ষাপটে বাংলাদেশ পুনঃগঠনের এ সুযোগ যেন আমরা পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারি সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে আহ্বান জানান।
রাষ্ট্রদূত বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগ বাংলাদেশকে নতুনভাবে গড়ার সুযোগ করে দিয়েছে। ‘৭১-এর স্বাধীনতার সংগ্রাম’ ও ’২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থান’ উভয়েরই মূল লক্ষ্য ছিল একটি শোষণহীন, বৈষম্যহীন, বঞ্চনামুক্ত গণতান্ত্রিক, উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া। তিনি অন্তবর্তীকালীন সরকারের সংস্কার পরিকল্পনাগুলো অতিথিদের কাছে তুলে ধরেন এবং অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ বর্ণনা করেন এবং পোস্টাল ভোটিংয়ের মাধ্যমে প্রবাসী সকলকে গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে কাতার সফররত দুর্নীতি দমন কমিশনের সম্মানিত সচিব মো. খালেদ রহিম বাংলাদেশে দুর্নীতি দমনে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।
পরবর্তীতে ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’ শিরোনামে একটি অংশগ্রহণমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, কবিতা ও নৃত্য পরিবেশিত হয়। এতে দূতাবাসের কর্মকর্তা ও তাদের পরিবার, বাংলাদেশ স্কুলের ছাত্র-ছাত্রী এবং স্থানীয় বাংলাদেশি বৈশাখী ব্যান্ড গ্রুপসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সকলের জন্য নৈশভোজের আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকগণ, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রী এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারিরা সপরিবারে উপস্থিত ছিলেন।
আরটিভি/আরএ




