
বাংলাদেশ ও মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্পখাতে সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের ডেপুটি হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে কুচিংয়ে সারওয়াক ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট পেতার চাই মুইনসেং এবং সারওয়াক ফার্মাসিউটিক্যাল সোসাইটির জেনারেল সেক্রেটারির নেতৃত্বে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।
শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত বৈঠক গুলোতে ডেপুটি হাইকমিশনার বাংলাদেশের অর্থনৈতিক ও শিল্পখাতের সম্ভাবনা তুলে ধরে সারাওয়াকের ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগ এবং বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান। বি২বি যোগাযোগ, তৈরি পোশাক, খাদ্য ও পানীয়, কৃষি ও কৃষিজাত পণ্য এবং হালাল পণ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশের আসন্ন বাণিজ্যও রপ্তানি মেলায় অংশগ্রহণ ছাড়াও সারাওয়াকের ব্যবসায়ীদের তিনি বাংলাদেশ ভ্রমনের আহ্বান জানান।
পরবর্তীতে সারওয়াক ফার্মাসিউটিক্যাল সোসাইটির জেনারেল সেক্রেটারিসহ ফার্মাসিউটিক্যাল খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে বাংলাদেশের ঔষধ পণ্য, রপ্তানি ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন ডেপুটি হাইকমিশনার।
এছাড়া বাংলাদেশ প্যাভিলিয়নে আগত ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গেও বাংলাদেশের পণ্য ও সেবা নিয়ে মতবিনিময় করেন তিনি।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. তরিকুল ইসলাম।
আরটিভি/এমএম


