
সৌদি আরবের হাইল শহরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ছয়দিন পর ঝালকাঠির রাজাপুর উপজেলার প্রবাসী আনোয়ার হোসেনের (৪৮) মৃত্যু হয়েছে।
হাইলের কিং খালিদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ অক্টোবর সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
নিহত আনোয়ার হোসেন রাজাপুর উপজেলার পূর্ব ইন্দ্রা পাশা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মনসুর হোসেন। তিনি সৌদি আরবের হাইল শহরে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর হাইল শহরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন আনোয়ার হোসেন। পরে তাকে উদ্ধার করে কিং খালিদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
আনোয়ার হোসেনের মৃত্যুর খবর রোববার (১৮ অক্টোবর) সকালে দেশে জানাজানি হওয়ার পর তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এক ছেলে ও এক মেয়ে নিয়ে স্ত্রী জেসমিন বেগম অসহায় হয়ে পড়েছেন। তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজার সময়সূচি জানানো হবে বলেও জানান নিহতের স্ত্রী জেসমিন বেগম।
রাজাপুর থানার পুলিশ জানায়, বিষয়টি তারা জানতে পেরেছেন। এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএইচজে



