
পুরুষের জন্য লাল ও হলুদ রঙের পোশাক পরা কি ইসলামে হারাম এ প্রশ্নটি নিয়ে সম্প্রতি আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। এই বিষয়েই ব্যাখ্যা দিয়েছেন ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
সম্প্রতি এক অনুষ্ঠানে এক দর্শক জানতে চান, ছেলেদের জন্য লাল ও হলুদ পোশাক পরা নাকি হারাম এটা কি সত্যি?
জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, লাল ও হলুদ পোশাক পরা হারাম এটা সরাসরি বলা কঠিন। বিভিন্ন হাদিসে একদম টকটকা বা পিওর লাল ও হলুদ রঙের পোশাক, যেখানে অন্য কোনো রঙের মিশ্রণ নেই এর ব্যাপারে নবী করিম (সা.) থেকে নিষেধাজ্ঞার রেওয়ায়েত পাওয়া যায়। ফুকাহারা এটিকে মাকরুহ বলেছেন অর্থাৎ অপছন্দনীয়, অনুত্তম ও অনুচিত।
তিনি আরও বলেন, এটা কেন নিষেধ করা হয়েছে এর কারণ হলো, এই রঙগুলো নারীদের জন্য নির্দিষ্ট। পোশাকের ক্ষেত্রে নারীরা যেকোনো রঙ পরতে পারেন, কিন্তু পুরুষদের জন্য কিছু সীমাবদ্ধতা আছে। যেমন,রেশম বা স্বর্ণ পরা নারীদের জন্য বৈধ হলেও পুরুষদের জন্য নয়। ঠিক তেমনি টকটকা লাল বা হলুদ পোশাক পুরুষদের জন্য অনুচিত।
শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা অনুযায়ী, ইসলামে পুরুষদের জন্য লাল ও হলুদ রঙ সম্পূর্ণ হারাম নয়, তবে পরিহারযোগ্য ও অনুচিত। অন্য রঙের সঙ্গে মিশ্রিত বা হালকা শেডের পোশাক পরায় কোনো বাধা নেই।
আরটিভি/এসকে




