
ওমরাহ ও হজের ব্যস্ত মৌসুমে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের মসজিদুল হারামে একটি নতুন সুরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। এই ব্যবস্থা অনুযায়ী, শিশুদের হাতে পরিচয়মূলক সেফটি ব্রেসলেট পরানো হবে, যাতে তাদের অভিভাবকদের যোগাযোগের তথ্য সংরক্ষিত থাকবে।
মসজিদুল হারাম ও মসজিদে নববীর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুরা মসজিদে প্রবেশের সময় এই ব্রেসলেট পাবে। এতে কোনো শিশু হারিয়ে গেলে বা ভিড়ের মধ্যে কোথাও বিচ্ছিন্ন হলে দ্রুত তাকে শনাক্ত করে তার অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে।
ব্রেসলেটে শিশুর নাম, অভিভাবকের ফোন নম্বরসহ অন্যান্য প্রয়োজনীয় যোগাযোগের তথ্য যুক্ত থাকবে। এই উদ্যোগের মাধ্যমে শিশুদের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি জরুরি পরিস্থিতিতে কর্তৃপক্ষের কার্যকর সাড়া দেওয়ার ব্যবস্থা আরও সুদৃঢ় হবে।
ব্রেসলেট বিতরণ কার্যক্রম মসজিদুল হারামের প্রধান প্রবেশপথ যেমন কিং আবদুল আজিজ গেট ও কিং ফাহদ গেট (৭৯ নম্বর গেট) এ শুরু হয়েছে। অভিভাবকদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে দ্রুত নিবন্ধন করা হচ্ছে।
কর্তৃপক্ষ ওমরাহ ও হজ মৌসুমে শিশু সহ দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে এই সেবা গ্রহণ করার জন্য অভিভাবকদের আহ্বান জানিয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ মানসিক স্বস্তি প্রদান করার পাশাপাশি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানকে নিরাপদ ও সুসংগঠিত করার ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে।
আরটিভি/এসকে




