
বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (১৪ আগস্ট) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। শনিবার (১৫ আগস্ট) থেকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ২৬ আগস্ট বুধবার দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপিত হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ (এনডিসি)।
সভায় জানানো হয়, রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা নিয়ে দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বিভাগীয়-জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়েছে। এসব তথ্যের ভিত্তিতেই চাঁদ না দেখার সিদ্ধান্তে পৌঁছায় জাতীয় চাঁদ দেখা কমিটি।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক ড. মু. মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আলেম ও ধর্মীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ আগস্ট থেকে শুরু হবে ১৪৪৮ হিজরি সনের রবিউল আউয়াল মাস। আর ১২ রবিউল আউয়াল, অর্থাৎ ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
আরটিভি/এসকে


