
আন্তর্জাতিক মানের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘আরটিভি জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন ২০২৭’-এর ঢাকা অডিশন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর ঐতিহ্যবাহী শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদ, মগবাজার, রেলগেটে অনুষ্ঠিত দিনব্যাপী এ অডিশনে ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ৫০০-এরও অধিক হাফেজে কুরআন অংশগ্রহণ করেন। কঠোর, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ডে তাদের হিফজ, তাজবীদ, কিরাআত, লাহন ও উপস্থাপনা মূল্যায়ন করা হয়। বিচারকমণ্ডলীর মূল্যায়ন শেষে ৭০ জন প্রতিযোগী পরবর্তী রাউন্ডে অংশগ্রহণের জন্য ‘ইয়েস কার্ড’ অর্জন করেন।
অডিশনে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা লুৎফর রহমান, মাওলানা সাদিকুর রহমান আজহারী এবং ক্বারী এ. কে. এম. ফিরোজ। মাওলানা খন্দকার মাহবুবুল হক এবং অত্র মসজিদের ইমাম মাওলানা হাফেজ এজাজুল ইসলাম এছাড়াও দেশের স্বনামধন্য হাফেজ, ক্বারী ও আলেমদের সমন্বয়ে গঠিত আরও ১৫ জন অভিজ্ঞ বিচারক অত্যন্ত নিষ্ঠা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে বিচারকার্য পরিচালনা করেন।
আয়োজকরা জানান, সারা বাংলাদেশব্যাপী চলমান অডিশনের ধারাবাহিকতায় নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে পরবর্তী রাউন্ড অনুষ্ঠিত হবে। টানা ১৬ বছরের সফলতার ধারাবাহিকতায় এবার ১৭তম আসরে দেশসেরা হাফেজদের মধ্য থেকে যোগ্য প্রতিযোগীদের বাছাইয়ের কার্যক্রম চলমান রয়েছে।
এ আয়োজনকে সুশৃঙ্খল ও সফল করতে শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদ কমিটি আন্তরিক ও প্রশংসনীয় সহযোগিতা প্রদান করে। প্রতিযোগী, বিচারকমণ্ডলী, অতিথিবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের জন্য সার্বিক আতিথেয়তা ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করে তারা পুরো আয়োজনকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও সফল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উল্লেখ্য, ‘জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন ২০২৭’ কুরআন সুন্নাহ মাল্টিমিডিয়া এবং আরটিভির যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মানের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা। টানা ১৬ বছরের গৌরবোজ্জ্বল ধারাবাহিকতায় এবার ১৭তম আসরের মাধ্যমে দেশের মেধাবী হাফেজদের জন্য আরেকটি অনন্য মঞ্চ তৈরি হয়েছে। মহান আল্লাহ তাআলা এ প্রতিযোগিতার মাধ্যমে কুরআনের খাদেমদের কবুল করুন, তাদের ইলম, আমল ও আখলাকে বরকত দান করুন এবং এ আয়োজনকে উম্মাহর জন্য কল্যাণ ও হেদায়েতের অসিলা হিসেবে কবুল করুন।
আরটিভি/ এসকেডি

