ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

অহংকারের পরিণতি দুনিয়া-আখিরাতে ভয়াবহ, ইসলামে রয়েছে কঠোর সতর্কতা 

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পিএম
অহংকারের পতন অনিবার্য। ছবি: সংগৃহীত

‘অহংকার পতনের মূল’—কথাটি সমাজে বহুল প্রচলিত। অর্থ, সম্পদ, সৌন্দর্য, ক্ষমতা কিংবা জ্ঞানের কারণে অনেক সময় মানুষ নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করে। অন্যকে ছোট করে দেখা, নিজের ভুল স্বীকার না করা এবং সত্য কথা জেনেও তা মেনে না নেওয়ার মধ্য দিয়ে প্রকাশ পায় অহংকার। অথচ ইসলামে অহংকারকে অত্যন্ত নিন্দনীয় স্বভাব হিসেবে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআন ও হাদিসে অহংকার থেকে দূরে থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি অহংকারীদের পরিণতি সম্পর্কেও সতর্ক করা হয়েছে।

অহংকারের শুরু শয়তানের অবাধ্যতা থেকে

অহংকারের ভয়াবহ পরিণতির উদাহরণ হিসেবে পবিত্র কোরআনে ইবলিশের ঘটনা তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা যখন আদম (আ.)-কে সম্মান জানাতে ফেরেশতাদের সিজদা করার নির্দেশ দেন, তখন ইবলিশ ছাড়া সবাই সিজদা করেন। ইবলিশ অহংকারবশত আল্লাহর নির্দেশ অমান্য করে।

আল্লাহ তাআলা বলেন,

وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَىٰ وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ

অর্থ: ‘আর স্মরণ করো, যখন আমি ফেরেশতাদের বলেছিলাম, তোমরা আদমকে সিজদা করো। তখন তারা সবাই সিজদা করেছিল, ইবলিশ ছাড়া। সে অস্বীকার করল, অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হলো।’

(সুরা আল-বাকারা, আয়াত: ৩৪)

ইবলিশের এই ঘটনা থেকে বোঝা যায়, অহংকার মানুষকে সত্য ও আল্লাহর নির্দেশের বিরোধিতায় ঠেলে দিতে পারে। নিজের শ্রেষ্ঠত্বের ধারণা থেকে ইবলিশ আল্লাহর আদেশ অমান্য করেছিল।

অহংকার বলতে কী বোঝায়?

অহংকারের বিষয়ে রাসুলুল্লাহ (সা.) অত্যন্ত স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

الْكِبْرُ بَطَرُ الْحَقِّ وَغَمْطُ النَّاسِ

অর্থ: ‘অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ মনে করা।’

(সহিহ মুসলিম, হাদিস: ৯১)

একবার এক ব্যক্তি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করেন, কেউ যদি সুন্দর পোশাক ও সুন্দর জুতা পরতে পছন্দ করে, সেটিও কি অহংকার? জবাবে তিনি জানান, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। অহংকার হলো সত্যকে অগ্রাহ্য করা এবং মানুষকে তুচ্ছজ্ঞান করা।

অর্থাৎ ভালো পোশাক পরা, সুন্দরভাবে চলাফেরা করা কিংবা নিজের সামর্থ্য অনুযায়ী জীবনযাপন করা অহংকার নয়। বরং অন্যকে ছোট মনে করা এবং সত্য মেনে নিতে অস্বীকার করাই অহংকারের পরিচয়।

সম্পদ ও ক্ষমতার গর্বেও বাড়ে অহংকার

মানুষের মধ্যে অহংকার তৈরির অন্যতম কারণ হলো অর্থ, সম্পদ, ক্ষমতা ও সামাজিক অবস্থান। নিজের ধনসম্পদ কিংবা প্রভাব-প্রতিপত্তি নিয়ে অন্যকে ছোট করে দেখার প্রবণতা ইসলামে নিন্দনীয়।

পবিত্র কোরআনে এক ধনী ব্যক্তির অহংকারের ঘটনা তুলে ধরে আল্লাহ তাআলা বলেন,

فَقَالَ لِصَاحِبِهِ وَهُوَ يُحَاوِرُهُ أَنَا أَكْثَرُ مِنْكَ مَالًا وَأَعَزُّ نَفَرًا

অর্থ: ‘সে তার সঙ্গীর সঙ্গে কথোপকথনের সময় বলল, আমি তোমার চেয়ে বেশি সম্পদের অধিকারী এবং জনবলেও তোমার চেয়ে শক্তিশালী।’

(সুরা আল-কাহাফ, আয়াত: ৩৪)

এই আয়াতের মাধ্যমে সম্পদ ও লোকবলের গর্বে অন্যকে তুচ্ছ করার মানসিকতা তুলে ধরা হয়েছে। মানুষের ধনসম্পদ বা সামাজিক মর্যাদা তাকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ করে না।

অহংকারীদের পছন্দ করেন না আল্লাহ

পবিত্র কোরআনে অহংকার করে চলাফেরা করা এবং মানুষকে অবজ্ঞা করার বিষয়ে সরাসরি নিষেধ করা হয়েছে।

আল্লাহ তাআলা বলেন,

وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا ۖ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ

অর্থ: ‘অহংকারবশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্বভরে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না।’

(সুরা লুকমান, আয়াত: ১৮)

একই সুরার পরের আয়াতে চলাফেরা ও কথাবার্তায় সংযত থাকার নির্দেশ দিয়ে বলা হয়েছে,

وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ ۚ إِنَّ أَنْكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ

অর্থ: ‘তুমি তোমার চলাফেরায় মধ্যপন্থা অবলম্বন করো এবং তোমার কণ্ঠস্বর নিচু করো। নিশ্চয়ই সবচেয়ে অপ্রীতিকর স্বর হলো গাধার স্বর।’

(সুরা লুকমান, আয়াত: ১৯)

এছাড়া সুরা বনি ইসরাইলের ৩৭ নম্বর আয়াতেও অহংকার করে পৃথিবীতে চলাফেরা করতে নিষেধ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মানুষ কখনোই পৃথিবীকে বিদীর্ণ করতে পারবে না কিংবা উচ্চতায় পাহাড়ের সমান হতে পারবে না।

অহংকারীদের জন্য জান্নাত সম্পর্কে কঠোর সতর্কবার্তা

অহংকারের পরিণতি সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) কঠোর সতর্কবার্তা দিয়েছেন। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ

অর্থ: ‘যার অন্তরে অণু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না।’

(সহিহ মুসলিম, হাদিস: ৯১)

এই হাদিসে অহংকারের ভয়াবহতা তুলে ধরা হয়েছে। তবে সুন্দর পোশাক বা জুতা ব্যবহারের ইচ্ছাকে অহংকার বলা হয়নি। বরং সত্য প্রত্যাখ্যান ও মানুষকে তুচ্ছ করাকেই অহংকার হিসেবে চিহ্নিত করেছেন রাসুলুল্লাহ (সা.)।

কিয়ামতের দিন অহংকারীদের পরিণতি

অহংকারীদের পরিণতি সম্পর্কে আরও একটি হাদিসে ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে।

হযরত আমর ইবনে শুয়াইব (রহ.) তার বাবা ও দাদার সূত্রে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

يُحْشَرُ الْمُتَكَبِّرُونَ يَوْمَ الْقِيَامَةِ أَمْثَالَ الذَّرِّ فِي صُوَرِ الرِّجَالِ

অর্থ: ‘কিয়ামতের দিন অহংকারীদের মানুষের আকৃতিতে ক্ষুদ্র পিঁপড়ার মতো উঠানো হবে। চারদিক থেকে লাঞ্ছনা তাদের ঘিরে রাখবে।’

হাদিসে আরও বলা হয়েছে, তাদের জাহান্নামের বুলাস নামের কারাগারের দিকে নিয়ে যাওয়া হবে।

(জামে আত-তিরমিজি, হাদিস: ২৪৯২; হাদিসটির মান: হাসান)

অহংকার থেকে বাঁচতে করণীয়

ইসলামের শিক্ষা অনুযায়ী, মানুষের উচিত নিজের যোগ্যতা, সম্পদ কিংবা অবস্থান নিয়ে গর্ব না করে বিনয়ী থাকা। অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা, নিজের ভুল স্বীকার করা, সত্যকে গ্রহণ করা এবং কাউকে ছোট করে না দেখা—এসব আচরণের মাধ্যমে অহংকার থেকে দূরে থাকা যায়।

পবিত্র কোরআন ও হাদিসের শিক্ষা হলো, মানুষের প্রকৃত মর্যাদা অর্থ, সম্পদ কিংবা ক্ষমতায় নয়; বরং আল্লাহর প্রতি আনুগত্য, তাকওয়া ও উত্তম চরিত্রে। তাই নিজের অর্জন নিয়ে অহংকার না করে কৃতজ্ঞ থাকা এবং অন্যের প্রতি সম্মান দেখানোই একজন মুমিনের বৈশিষ্ট্য।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজকের নামাজের সময়সূচি
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। সে কারণে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা জরুরি। শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ- জুমার সময় শুরু বেলা ১১টা ৪৭ মিনিট। আসরের সময় শুরু ৩টা ৩৬ মিনিট। মাগরিব ৫টা ১৫ মিনিট। এশার সময় শুরু ৬টা ৩২ মিনিট। উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো- যোগ করতে হবে: খুলনা: ০৩ মিনিট রাজশাহী: ০৭ মিনিট রংপুর: ০৮ মিনিট বরিশাল: ০১ মিনিট বিয়োগ করতে হবে: চট্টগ্রাম: ০৫ মিনিট সিলেট: ০৬ মিনিট আরটিভি/টিআর
আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
পর্দা বজায় রেখে নারীদের স্কুটি চালানো কি জায়েজ, যা বললেন শায়খ আহমাদুল্লাহ
আধুনিক সময়ে কর্মজীবী ও শিক্ষার্থী নারীদের যাতায়াতের অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে স্কুটি। গণপরিবহনের ভোগান্তি ও অতিরিক্ত ভিড় এড়িয়ে সহজে গন্তব্যে পৌঁছাতে অনেক নারীই ব্যক্তিগত বাহন হিসেবে স্কুটি ব্যবহার করছেন।
পর্দা বজায় রেখে নারীদের স্কুটি চালানো কি জায়েজ, যা বললেন শায়খ আহমাদুল্লাহ
বছরে ৩০ লাখ কোরআন ছাপা হয় যে প্রতিষ্ঠানে
পবিত্র কোরআন ছাপার কাজ শুরুর আগে অজু করেন কর্মীরা। প্রতিটি পৃষ্ঠা একাধিকবার পরীক্ষা করা হয়। এমনকি কোনো পৃষ্ঠা বাদ পড়েছে কি না, তা নিশ্চিত করতে প্রতিটি কপির ওজনও মাপা হয়। ধর্মীয় পবিত্রতা ও সর্বোচ্চ নির্ভুলতা বজায় রেখে এভাবেই বছরে সর্বোচ্চ ৩০ লাখ কপি কোরআন ছাপানোর সক্ষমতা রয়েছে মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠানের।
বছরে ৩০ লাখ কোরআন ছাপা হয় যে প্রতিষ্ঠানে
আজকের নামাজের সময়সূচি
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। সে কারণে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা জরুরি।
আজকের নামাজের সময়সূচি