
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক পথচারীর মৃত্যুর ঘটনায় ভাগ খাওয়া সরকারি কর্মকর্তাদেরও শাস্তি চাইলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন।
রোববার (২৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা লেখেন।
স্ট্যাটাসে মো. মাহবুব কবীর মিলন লেখেন, হ্যালো মেট্রোরেল, নির্মাণ কাজের ওয়ারেন্টি কত বছর ছিল? উপর থেকে এটা-ওটা ভেঙ্গে নিচে না পড়ার ওয়ারেন্টি কত বছর ছিল? সামনে যে বিয়ারিং প্যাড খুলে আর কারো মাথায় পড়বে না, সেটার গ্যারান্টি দেবেন কিনা?
তিনি লেখেন, নির্মাণ ত্রুটি, তদারকি, নিম্নমানের মালামাল ব্যবহার করা হয়েছিল কিনা? হলে কারা কারা দায়ী এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা? যিনি আজ মারা গেলেন, তার যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা?
মাহবুব কবীর মিলন লেখেন, এই ‘বারবার’ হবার দায়ভার এতদিন নেওয়া হয়নি কেন? কয়জনকে শাস্তি দেওয়া হয়েছে? নাহয়ে থাকলে গদিতে এখনও আছেন কেন?
তিনি আরও লেখেন, নিহতের পরিবারকে দিতে হবে ১ কোটি টাকা। এই টাকা দেবে নিম্নমানের বিয়ারিং প্যাড সরবরাহকারী প্রতিষ্ঠান এবং অবহেলা ও ভাগ খাওয়া সরকারি কর্মকর্তারা। যারা এই প্যাড রিসিভ করে চালিয়ে দিয়েছে। এদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
আরটিভি/এমএ




