
নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয় ইঙ্গিত করে ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টা ২৪ মিনিটে দেওয়া ওই পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের দূতাবাস কিংবা ঢাকায় প্রধানমন্ত্রীর মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠি দিয়েছেন লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা।
চিঠিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে জানা গেছে। বাংলাদেশের নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতার কথা উল্লেখ করে দ্রুত নতুন পরিচয়পত্র ইস্যুর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। ২০২৫ সালের নভেম্বরে আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।
শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগ ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। দলটির অনেক নেতা-কর্মী কারাগারে এবং অনেকে দেশের বাইরে অবস্থান করছেন।
এদিকে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি সম্পর্কেও টানাপোড়েন চলছে। ফলে তার দেশে ফেরার উদ্যোগ দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও নতুন প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রয়টার্স।
আরটিভি/এসকে


