
নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
বুধবার (১৮ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
আবু হানিফ তার পোস্টে বলেন, গত কয়েকদিন যাবৎ গোপালগঞ্জে নারকীয় তাণ্ডব চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল টুঙ্গিপাড়া থানা পুড়িয়ে দিয়েছে, আগুন দিয়েছিল সংসদ সদস্য জিলানীর বাড়িতে ও পুলিশের গাড়িতে। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। গতকাল ফরিদপুরে এক বিএনপি নেতাকে হত্যা করেছে, বাসে আগুন দিয়ে পিরোজপুরে বাসের এক হেলপারকে হত্যা করেছে।
পোস্টে বলেন, জুলাইয়ে আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছিল। ফলে আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়। তবে বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেছে। নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হওয়ায় পতিত নিষিদ্ধ আওয়ামী লীগ সুযোগ নিচ্ছে এখন। এই পরিস্থিতি চলতে থাকলে সারাদেশেই ধ্বংসযজ্ঞ চালাবে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা।
পোস্টে তিনি আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, বিরোধিতা থাকবে, কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। শুধু রাজনৈতিক দলগুলো নয়, সকল জুলাইপন্থী সংগঠনগুলোকেও ঐক্যবদ্ধ হতে হবে।
আরটিভি/এমএম




