
ইতিহাসের পাতায় জায়গা করে শেষ হলো টোকিও অলিম্পিক ২০২০। করোনা মহামারির মধ্যে কঠোর বিধিনিষেধ অনুসরণ করে গত ২৩ জুলাই থেকে জাপানের রাজধানী টোকিওতে শুরু হয় অলিম্পিক গেমস। রোববার (৮ আগস্ট) পর্দা নামলো খেলার এই বিশ্ব আসর অলিম্পিকের।
অলিম্পিকের এবারের আসরে ২০৬টি দেশের মোট ১১ হাজার ৬৫৬ জন অ্যাথলেট অংশগ্রহণ করেন। ১৬ দিনের এই কর্মযজ্ঞে ৫০টি ডিসিপ্লিনে মোট ৩৩৯টি স্বর্ণের লড়াই অনুষ্ঠিত হয়।
করোনার কারণে নির্দিষ্ট সময়ে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়নি। ২০২০ সালে জাপানে এ গেমসের আসর বসার কথা থাকলেও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় তা স্থগিত করা হয়। পরে ২০২১ সালের ২৩ জুলাই থেকে শুরু হয় অলিম্পিক গেমস। এবারও গেমস আয়োজন করা যাবে কি না, তা নিয়ে ছিল তুমুল সংশয়। কারণ জাপানে পাল্লা দিয়ে বাড়ছিল করোনা সংক্রমণ।
করোনা সংক্রমণের কারণে এবারের অলিম্পিকে গ্যালারি ছিল দর্শকশূন্য। সংক্রমণ রোধে গ্যালারিতে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।
পাঁচ বছরের বিশাল এ কর্মযজ্ঞে আয়োজক, সম্প্রচারক, স্বেচ্ছাসেবক থেকে শুরু করে অন্তত ২৫ থেকে ৩০ হাজার মানুষের শ্রম ছিল।
আগামী ২০২৪ সালের অলিম্পিক আসর ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হবে।
জেএইচ




