
সাফ চ্যাম্পিয়নশিপের ব্যর্থতা ভুলে বাংলাদেশ দলের সামনে অপেক্ষা করছে চার জাতি ফুটবল টুর্নামেন্ট। স্বাগতিক শ্রীলঙ্কার ছাড়াও রাউন্ড রবিন লিগের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে সেশলস ও মালদ্বীপ। শিরোপা জিততেই দেশ ছাড়তে চায় লাল-সবুজরা। দলকে ট্রফি তুলে দিতে আসন্ন এই টুর্নামেন্টে লঙ্কা সফর করতে চান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
সেশলসের বিপক্ষে ম্যাচ দিয়ে ৮ নভেম্বর টুর্নামেন্ট শুরু করবে জামাল ভূঁইয়ারা ১১ নভেম্বর মালদ্বীপের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ। ১৪ নভেম্বর তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে তপু-জিকোরা।
অন্তর্বর্তীকালীন কোচ মারিও লেমোসের অধীনে প্রস্তুতি করেছে টিম বাংলাদেশ। বুধবার (৩ নভেম্বর) রাজধানীর বেরাইদের ফর্টিজ একাডেমিতে অনুশীলন করেছে জামালের দল।
উপস্থিত হয়েছিলেন কাজী সালাউদ্দিন। তার সঙ্গে ছিলেন ফেডারেশন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগও। ফর্টিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদত হোসেন তাদের অভ্যর্থনা জানান।
একাডেমিতে এসেই জাতীয় দলের প্রাথমিক দলে সুযোগ পাওয়াদের সঙ্গে আলোচনা করেন। তারপর তাদের অনুশীলন দেখেন।
ফাকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ এই কর্তা।
‘আমরা সবসময় আশা করি খেলোয়াড়রা ভালো খেলবে। ট্রফি নেবে। অধিনায়ককে ডাক দিয়েছি। সবার সামনে বলেছি, জামাল, আমি কি শ্রীলঙ্কায় যাব না কি না। তোমাদের অনুমতি লাগবে। তখন বলেছে, আমাকে চ্যাম্পিয়নশিপ দেবে। আমি বলেছি চ্যাম্পিয়নশিপ দিলে আমি ফাইনালে যাব। আর না দিলে আমাকে ভিসা দিও না।’
সাফে গতি দিয়ে নজর কেড়েছিলেন রাকিব হোসেন। এদিন সালাউদ্দিন নিজেই তরুণ এই ফরোয়ার্ডের সঙ্গে আলাদা করে কথা বলেন।
‘ভুল শুধরে দলের জন্য ভালো করার কথা বলেছেন। তার মতো ব্যক্তিত্ব আমার সঙ্গে কথা বলেছেন, এতে আত্মবিশ্বাস বেড়েছে। আশা করি সামনে ভালো করব’ বলেন রাকিব।
ওয়াই/টিআই




