
চার জাতীর টুর্নামেন্টের আগে চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ। জায়গা করে নিয়েছেন কাতার প্রবাসী ওবায়দুর রহমান নবাব।
মধ্যপ্রাচ্যের দেশটির অ্যাস্পায়ার ফুটবল একাডেমির ছাত্র ছিলেন এই মিডফিল্ডার; যা বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান। বর্তমানে বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ।
অ্যাসপায়ার থেকেই কাতারের বয়সভিত্তিক জাতীয় দলেও খেলার সুযোগ হয় নবাবের। দেশটির অন্যতম শীর্ষ ক্লাব আল দুহাইলের বয়সভিত্তিক দলের পর মূল দলেও জায়গা করে নিয়েছিলেন। তবে চলতি বছর বাংলাদশের ঘরোয়া ফুটবলে পাড়ি জমান।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে শেষবারের মতো অনুশীলন করেছে লাল-সবুজরা। দুপুরে সংবাদ সম্মলনে হাজির হয়েছিলেন অন্তবর্তীকালীন কোচ মারিও লামোস ও অধিনায়ক জামাল ভূঁইয়া। সেখানেই দলের নাম ঘোষণা করা হয়।
এদিকে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে যাওয়া সাত ফুটবলার উজবেকিস্তান থেকে সরাসরি লঙ্কা দ্বীপে পৌঁছবে।
শুক্রবার (৫ নভেম্বর) বেলা পৌনে ১১টায় শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়বে জামালের দল।
৮ নভেম্বর সেশলসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। তার আগে দুইদিন অনুশীলন করতে পারবে লেমোসের শিষ্যরা।
নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ হিসেবে মালদ্বীপকে পাচ্ছে বেঙ্গল টাইগাররা।
ম্যাচটি মাঠে গড়াবে ১১ নভেম্বর। ১৪ নভেম্বর তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে লাল-সবুজের প্রতিনিধিরা।
গোলরক্ষক
আনিসুর রহমান জিকো, শহীদুল আলম ও আশরাফুল ইসলাম রানা।
রক্ষণভাগ
তপু বর্মণ, ইয়াসিন খান, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা,
মোহাম্মদ হৃদয়।
মধ্যমাঠ
আতিকুর রহমান ফাহাদ, সাদ উদ্দীন, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, ওবায়দুর রহমান নবাব।
আক্রমণভাগ
মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, জুয়েল রানা, মেহেদী হাসান রয়েল, ফয়সাল আহমেদ ফাহিম।
ওয়াই/টিআই




