
লিভারপুলের কাছে বিধ্বস্ত হওয়ার স্মৃতি ভুলতে না ভুলতেই আবারো ঘরের মাঠে খেলতে নেমে বিপর্যয় ঘটলো ম্যানচেস্টার ইউনাইটেডের। পুরো ম্যাচজুড়ে নিজেদের দাপট বজায় রেখে ম্যানইউর মাঠ থেকেই দারুণ এক জয় নিয়ে ফিরল ম্যানচেস্টার সিটি।
শনিবার (৬ নভেম্বর) ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বিতে ২-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। ম্যাচের ৭ মিনিটে এরিক বেইলির আত্মঘাতী গোলে তারা এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের শেষদিকে ব্যবধান বাড়ান বের্নার্দো সিলভা।
ম্যাচের শুরু থেকেই অসহায় আত্মসমর্পন করেছিলো ক্রিশ্চিয়ানোর রোনালদোর দল। গোল পরিশোধের তেমন কোন সুযোগই দেয়নি সিটিজেনরা। স্কোরলাইন হয়তো ফুটিয়ে তুলছে না সিটির সামনে কতটা অসহায় ছিল উলে গুনার সুলশারের দল।
এদিকে ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগের খেলায় ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে অন্য যেকোনো দলের চেয়ে বেশি আটটি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে।
এ জয়ে সিটি ট্র্যাকে ফিরেছে এবং টেবিলের শীর্ষে থাকা চেলসির চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে আছে। ১১ ম্যাচে ৭ জয়ে সিটিজেনদের পয়েন্ট ২৩। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নাম্বারে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
টিএন




