
দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই ক্রিকেট সমর্থকদের উন্মাদনা। দুই দেশের সীমানা পার হয়ে এই উন্মাদনা ছড়িয়ে পড়ে গোটা ক্রিকেট বিশ্বে। সবার চোখ থাকে এই ম্যাচটার দিকে। এবারও দর্শকরা সম্প্রচারের দিক থেকে গড়েছে নতুন নজির। গত ২৪ অক্টোবর চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের প্রথম ম্যাচটি দেখেছিল ১৬ কোটি ৭০ লাখ মানুষ।
এবারের বিশ্বকাপ সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার ইন্ডিয়ার দাবি, আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচটি ছাড়িয়ে গেছে বিগত সময়ের সব রেকর্ড।
‘‘চলতি বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ম্যাচটি ১৬ কোটি ৭০ লাখ দর্শক দেখেছে। এখন এই ম্যাচটি দর্শক সংখ্যার দিক থেকে ছাড়িয়ে গেল পূর্বের সব রেকর্ড। এর আগে সর্বোচ্চ সংখ্যক দর্শক ছিল ২০১৬ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি।”
ভারত যদিও পাকিস্তানের কাছে ম্যাচটি হেরে যায় ১০ উইকেটে। এরপর নিউজিল্যান্ডের কাছেও হেরে যায়। তাতেই অনেকটা নিশ্চিত হয়ে যায় সেমি-ফাইনালে খেলা হচ্ছে না বিরাট কোহলিদের। এতে কিছুটা দর্শক কমেছে অনস্বীকার্য। এরই মধ্যে শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব।
সম্প্রচারকারী প্রতিষ্ঠানের মতে প্রথম পর্ব ও সুপার টুয়েলভ পর্ব শেষে মোট দর্শকসংখ্যা দাঁড়িয়েছে ২৩ কোটি ৮০ লাখ। গত ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি এতদিন এক নম্বরে ছিল দর্শকসংখ্যার দিক থেকে। ওই ম্যাচটি দেখেছিল ১৩ কোটি ৬০ লক্ষ দর্শক।
এমআর/




