
সফল ক্রিকেটারদের তালিকা তৈরি করা হোলে নিঃসন্দেহে ওপরের দিকে থাকবেন লঙ্কান সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। ক্রিকেটার হিসেবে সফল মাহেলা কোচিংয়েও হয়েছেন সফল।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসের কোচ হিসেবে রয়েছেন দীর্ঘদিন। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের সঙ্গে ছিলেন পরামর্শকের ভূমিকায়। যদিও সেটি ছিল বাছাই পর্বের তিন ম্যাচের জন্য।
তবে এবার এক বছর মেয়াদে জাতীয় দলের সঙ্গে পরামর্শকের ভূমিকায় থাকবেন জয়াবর্ধনে। এমনটা নিশ্চিত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।
এসএলসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মাহেলা জয়াবর্ধনে আগামী ১ জানুয়ারি, ২০২২ সাল থেকে এক বছরের জন্য দলের সঙ্গে থাকবেন পরামর্শক কোচ হিসেবে। এই সময়ে তিনি শুধু জাতীয় দলের সঙ্গেই নয়, সময় দেবেন বয়ঃভিত্তিক ও হাই-পারফরম্যান্স দলকেও।
এ নিয়ে লঙ্কান ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেছেন, ‘আমরা অনেক খুশি জয়াবর্ধনেকে দলের সঙ্গে পেয়ে। গত বিশ্বকাপে স্বল্প সময়ের জন্য থেকেও আমুল বদলে দিয়েছিল দলকে। আশা করি দারুণ কিছু অপেক্ষা করছে।’
দায়িত্ব পেয়ে জয়াবর্ধনে বলেছেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে কাজ করতে পারাটা গর্বের। আমি বেশ উচ্ছ্বসিত এই দায়িত্ব পেয়ে। বিশেষ করে বয়ঃভিত্তিক ও হাই-পারফরম্যান্স দলের সঙ্গে বেশি সময় কাটাতে পারব। আমার অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারব তরুণদের সঙ্গে।’
এম/টিআই




