
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান হিসেবে দীর্ঘ আট বছরের পথচলা থামল সাবেক অধিনায়ক আকরাম খানের। কদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন আকরাম খান।
গত সপ্তাহে হুট করেই আকরাম খানের স্ত্রী সাবিনা আকরাম ফেসবুকে জানান, পারিবারিক কারণে আকরাম খান ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব ছাড়বেন। এরপর আকরাম খানও একই কথা বলেন গণমাধ্যমকে।
তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনের উপর বর্তান তাকে দায়িত্বে রাখা না রাখার বিষয়টি। আজ শুক্রবার বোর্ড সভা শেষে পাপন জানান, আকরাম খানের পরিবর্তে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান করা হয়েছে মিডিয়া বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসা জালাল ইউনুসকে।
জালাল ইউনুসের জায়গায় নতুন মিডিয়া চেয়ারম্যান করা হয়েছে তানভির আহমেদ টিটুকে। আকরাম খানকে করা হয়েছে ফ্যাসিলিটিজ বিভাগের চেয়ারম্যান।
পাপন বলেছেন, “জালাল ইউনুস এই কমিটির (ক্রিকেট অপারেশন্স) চেয়ারম্যান হিসেবে আমরা দায়িত্ব দিয়েছি, উনার সাথে ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করবেন খালেদ মাহমুদ সুজন।”
এদিকে দেশব্যাপী ক্রিকেটের উন্নয়নের কাজ হাতে নিতে যাচ্ছে বিসিবি। যার পুরোটা দায়িত্ব দেয়া হয়েছে আকরাম খানের কাঁধে।
পাপন বলেছেন, “এই যে এত ডেভেলপমেন্ট করা হবে দেশব্যাপি জায়গা কেনা হবে এটার চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে আকরাম খানকে এর সাথে আরেকটা দায়িত্ব তাকে দেয়া হয়েছে সেটা হল ক্রিকেটের কাঠোমো সারা দেশে এটারও চেয়ারম্যান সে।”
দায়িত্ব পেয়ে জালাল ইউনুস বলেছেন, “অসংখ্য ধন্যবাদ বোর্ড সভাপতিকে যে উনি আমাকে অনেক বড় দায়িত্ব দিয়েছেন। উনি আমাকে মিডিয়া থেকে ছাড়াতে চাননি, বলেছেন মিডিয়া থাকতে হবে তাই ভাইস চেয়ারম্যান হিসেবে রেখেছেন। বিসিবির ক্রিকেট অপারেশন্স খুবই শক্ত একটা কমিটি, এখানে অনেক গুরু দায়িত্ব, আমি সবার সমর্থন আশা করি। আমি সাবেক ক্রিকেটার হিসেবে হয়ত আমার এখানে কোন সমস্যা হবে না টেকনিক্যালি, কিন্তু এখানে অনেক বিষয় আছে, এখন ক্রিকেটে একটা ক্রান্তিকাল চলছে আমরা সবাই জানেন, তবুও আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা আমি যথাসাধ্য পালন করার চেষ্টা করবো, কোন মানুষই শতভাগ পারফেক্ট না সবারই ভুল থাকে হয়ত আমিও ভুল করতে পারি। এখন ক্রিকেটের উন্নতির জন্য য কিছু করার দরকার তা আমি করার চেষ্টা করবো। আমার উদ্দেশ্য হল ক্রিকেটকে সঠিক পথে দেখা।”
এম/




