
বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) নবম আসরে ফাইনাল নিশ্চিত করেছে ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি সাউথ জোন। আগামী ২ জানুয়ারি ট্রফির লড়াইয়ে দু'দল মুখোমুখি হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।
বুধবার (২৯ ডিসেম্বর) ওয়ালটন সেন্ট্রাল ও বিসিবি সাউথের ম্যাচের ওপর নির্ভর করছিল চলতি আসরের ফাইনালে কারা খেলবে। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হওয়ায় তিন রাউন্ড শেষে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা সাউথ জোন এবং ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে ফাইনাল নিশ্চিত করে ওয়ালটন সেন্ট্রাল জোন।
এ ছাড়া তৃতীয় স্থানে রয়েছে ১০ পয়েন্ট নিয়ে বিসিবি নর্থ জোন এবং চতুর্থ স্থানে রয়েছে ৮ পয়েন্ট নিয়ে ইসলামী ব্যাংক ইস্ট জোন।
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে প্রথম ইনিংসে ব্যাট করে ৪৮১ রান তোলে সেন্ট্রাল জোন। সৌম্য সরকার ১৫০, শুভাগত হোম ১৫২ ও সালমান হোসেন করেন ৭০ রান। সাউথ জোনের পক্ষে ৫ উইকেট নেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
জবাবে সাউথ জোন প্রথম ইনিংসে ছাড়িয়ে যায় সেন্ট্রাল জোনকে। তৃতীয় দিন পুরোটা খেলে চতুর্থ দিন প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনের শুরুতে ৪৯৪ রান তুলতে সবকটি উইকেট হারালেও ১২২ রান করেন তৌহীদ হৃদয়, ১১৭ রান করেন অমিত হাসান ও ১০৯ রান করেন জাকির হোসেন। পিনাক ঘোষ করেন ৭৪ রান।
সেন্ট্রালের হয়ে ৩টি করে উইকেট নেন নাজমুল ইসলাম ও মুকিদুল ইসলাম।
চতুর্থ দিনে ১৩ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে ৯৯ রান করে ওয়ালটন সেন্ট্রাল। শেষ সেশনে পাহাড়সম লক্ষ্য টপকানোর মতো সম্ভাবনা না থাকায় দু’দল ড্র মেনে নিয়ে মাঠ ছাড়ে।
এম/এসকে




