
কয়েক দিন আগে মুশফিকুর রহিমের জায়গায় বাংলাদেশ টেস্ট দলের দায়িত্ব সাকিব আল হাসানকে দেয়া হয়েছে। টেস্ট দলের নেতৃত্ব ও পারফর্মেন্স নিয়ে সমালোচনায় পড়া মুশফিক কিছুটা ব্যাকফুটে ছিলেন। তবু ২০১৭ সালে সেরা টেস্ট উইকেট কিপার-ব্যাটসম্যান হিসেবে তার নামই সামনে চলে আসছে।
বেশ কিছুদিন আগে গার্ডিয়ানের সেরা টেস্ট দলে নাম আসে সাকিব আর মুশফিকের। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল টেস্ট একাদশে জায়গা করে নেন এ দুই তারকা। সবশেষ ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর চোখেও সেরা হয়েছেন এ দুই টাইগার।
এই দলের অধিনায়ক হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। স্পিনিং অলরাউন্ডার ক্যাটাগরিতে স্থান করে নিয়েছেন সাকিব। আর উইকেট কিপার হিসেবে রাখা হয়েছে মুশফিককে।
গেলো বছর সাকিব ব্যাট হাতে ৪৭.৫০ গড়ে করেছেন ৬৬৫ রান এবং তুলে নিয়েছেন ২৯টি উইকেট। অন্যদিকে ৫৪.৭১ গড়ে ৭৬৬ রানের করেছেন মুশি। পাশাপাশি উইকেটের পেছনে ১২টি ক্যাচ ও দুটি স্ট্যাম্পিং করেন তিনি।
একাদশে অস্ট্রেলিয়ার তিনজন রয়েছেন। বাংলাদেশ, ভারত ও দক্ষিণ আফ্রিকার দুই জন আছেন এতে। এছাড়া ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের এক জন করে করে নির্বাচিত হয়েছেন।

ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট একাদশ:
ডিন এলগার (দক্ষিণ আফ্রিকা), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), চেতশ্বর পুজারা (ভারত), বিরাট কোহলি (ভারত), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), সাকিব আল হাসান (বাংলাদেশ), মুশফিকুর রহিম (উইকেট রক্ষক) (বাংলাদেশ), নাথান লায়ন (অস্ট্রেলিয়া), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা), জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) ও নেইল ওয়েঙ্গার (নিউজিল্যান্ড)।
ওয়াই/এমকে




