
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি দিল্লি ডেয়ারডেভিলসের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং।
দিল্লির প্রধান নির্বাহী হেমন্ত দুয়া বৃহস্পতিবার টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
দিল্লির কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হলেন পন্টিং। বিসিসিআইয়ের নতুন গঠনতন্ত্রের কারণে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব পালন করায় আইপিএলের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না দ্রাবিড়। ফলে গত আইপিএল শেষে দিল্লির কোচের পদ থেকে সরে দাঁড়ান সাবেক ভারতীয় ব্যাটসম্যান।
পন্টিং এর আগে ২০১৫ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের শিরোপা জয়ী দলের কোচ ছিলেন। কিন্তু ২০১৬ সালে তার দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হলে সেটি আর নবায়ন করেনি মুম্বাই। তিনি মুম্বাই ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলেছেনও।
এর আগে, আইপিএলের প্রথম মৌসুমে (২০০৮ সালে) কলকাতা নাইট রাইডার্সের হয়েও সংক্ষিপ্ত মেয়াদে কাজ করেছেন পন্টিং।
২০১৮ আইপিএলে দিল্লি ধরে রেখেছে তিনজন খেলোয়াড়কে- ঋষভ পন্ত, শ্রেয়াস আইয়ার, ক্রিস মরিস। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি হবে আইপিএলের নিলাম।
এএ




