
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ২০১৭-১৮ ক্রিকেটের সূচী ঘোষণা করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম)।
৫ ফেব্রুয়ারি গাজী গ্রুপ ক্রিকেটার্স ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে লিগের এবারের আসর। এবারই প্রথম লিগের ১১ রাউন্ডের পূর্ণাঙ্গ সূচী একসাথে ঘোষণা করা হয়েছে।
রাউন্ড রবিন লিগের খেলা চলবে ২০ মার্চ পর্যন্ত। টুর্নামেন্টের সুপার লিগ পর্ব শুরু হবে এর দুদিন পর থেকে।
ভেন্যু হিসেবে প্রাথমিকভাবে বেছে নেয়া হয়েছে বিকেএসপি, ফতুল্লা ও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামকে। প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। মাঝে একদিন বিরতি রাখা হয়েছে। তা রিজার্ভ ডে হিসেবে গণ্য করা হবে। কোনো কারণে ম্যাচ রিজার্ভ ডেতেও অনুষ্ঠিত না হলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হবে। লিগে অংশগ্রহণকারী ক্লাবগুলো একজন করে বিদেশী ক্রিকেটার খেলাতে পারবে।
লিগের প্রথম দিন দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। আর তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড বনাম খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।
প্রথম রাউন্ডের দ্বিতীয় দিন ৬ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম কলাবাগান ক্রীড়া চক্র।
এছাড়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে এদিন দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন। দিনের তৃতীয় খেলায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে খেলবে লিজেন্ডস অব রূপগঞ্জ।
আরও পড়ুন:
ওয়াই/এএ




