
গত বছর ৫ জুলাই দাবার কোটেই প্রাণ হারিয়েছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তার মৃত্যুতে কঠিন সময় পার করছে পরিবার। এর আগে জিয়ার পরিবার ও সন্তানের পাশে দাঁড়িয়েছিল তামিম ইকবালসহ অনেক প্রতিষ্ঠানই।
এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। দুই দফায় জিয়া পরিবারকে ১০ লাখ টাকা প্রদান করেছে ক্রীড়াঙ্গনের অন্যতম এই শীর্ষ সংস্থাটি।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে বিওএ ভবনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শেফাউল কবির জিয়ার স্ত্রী তাসমিন সুলতানা লাবণ্যর হাতে দ্বিতীয় দফার ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
জিয়ার স্ত্রী তাসমিন সুলতানা লাবণ্য বলেন, এই সময়ে আমাদের অর্থের খুব প্রয়োজন ছিল। বিওএ’র এই অর্থ তাহসিনের শিক্ষা ও খেলার জন্য খুব কাজে আসবে। বিওএকে ধন্যবাদ আমাদের পাশে এভাবে দাঁড়ানোর জন্য।
স্থায়ী সহায়তার প্রত্যাশা নিয়ে তিনি আরও বলেন, অনেক ক্রীড়াবিদ সরকার থেকে জমি, ফ্ল্যাট বা বড় অঙ্কের সহায়তা পায়। জিয়ার ক্রীড়াঙ্গনে যে অবদান এরকম কিছু পেলে আমার তাহসিনের জন্য একটু স্বস্তি হতো।
এর আগে ক্রিকেটার তামিম ইকবাল ৫ লাখ, ক্রিকেট বোর্ড তাহসিনের খেলার জন্য দুই দফায় বিশ লাখ, আর ক্রীড়া উপদেষ্টার কাছ থেকে ২ লাখ টাকা পেয়েছিল জিয়ার পরিবার।
আরটিভি/এসআর




